অল্প বয়সেই চুল পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ত জীবন, অনিয়মিত খাবার, মানসিক চাপ এবং ঘুমের অভাব চুলের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই চুল পড়া শুরু হলে রাসায়নিক ট্রিটমেন্ট, সিরাম বা ওষুধে ভরসা করেন, কিন্তু এসবের পার্শ্বপ্রতিক্রিয়া চুলকে আরও দুর্বল করে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চুলের গোড়া মজবুত রাখতে ভেতর থেকে পুষ্টি জোগানো জরুরি। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে এবং নিয়মিত পুষ্টিকর খাবার খেলে চুল পড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব।
চুল পড়া কমাতে খাদ্যতালিকায় আখরোট, আমন্ড ও কাজুর মতো বাদাম অন্তর্ভুক্ত করা উচিত। এসব বাদামে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের উজ্জ্বলতা বজায় রাখে।
চিয়া বীজ চুলের পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ, এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। দই বা সালাদের সঙ্গে নিয়মিত চিয়া বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং চুল পড়া কমাতে সহায়তা করে।
শিমের বীজও চুল ঘন করতে উপকারী, এতে প্রচুর প্রোটিন রয়েছে, যা চুলের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। পালং শাক ভিটামিন এ-এর ভালো উৎস, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং মাথার ত্বককে সুস্থ রাখে।
আমলকি খেলে চুল পড়ার সমস্যা কমে যেতে পারে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলকে শক্তিশালী করে। সঠিক খাবার ও নিয়মিত অভ্যাসের মাধ্যমে চুলের যত্ন নেওয়া সম্ভব।

























