ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল এই কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (২৩ আগস্ট) বিকালে খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেন, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করা উচিত নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মশক নিধন কর্মসূচিতে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























