রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি শনাক্তকরণ ও অপারেশন-সংক্রান্ত সেবা কর্মসূচি উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শনিবার (২২ আগস্ট) সকালে চোখের চিকিৎসার এ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন চিকিৎসক ও ফাউন্ডেশনের কর্মকর্তারা।
কর্মসূচিতে ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয়।
আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা গ্রহণ করতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে।

























