বলিউড অভিনেত্রী মন্দাকিনী সম্প্রতি দাউদ ইব্রাহিমের সঙ্গে একটি বিতর্কিত ছবির বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দাউদের আমন্ত্রণে তিনি দুবাই যাননি, বরং একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
মন্দাকিনী সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ছবিটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তোলা হয়েছিল। তিনি জানান, সেই সময়ে বিষয়টি নিয়ে এতটা জল্পনা হবে, তা তিনি বুঝতে পারেননি।
অভিনেত্রী বলেন, “একজন শিল্পী হিসাবে বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। মানুষ কী লিখল বা বলল, তার ওপর আমাদের কোনো হাত থাকে না।” তিনি আরও জানান, ওই অনুষ্ঠানে অনেকের সমাগম ছিল এবং সেখানেই ছবিটি তোলা হয়।
দাউদের আমন্ত্রণের বিষয়ে মন্দাকিনী স্পষ্ট করে বলেন, “না, দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি।” তিনি উল্লেখ করেন, ছবিটি প্রকাশের পর তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল।
মন্দাকিনী রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মৈলী’ সিনেমায় ১৬ বছর বয়সে অভিষেক করেন। তিনি বলেন, রাজ কাপুরের কাজের ধরন এতই পরিশীলিত ছিল যে সেখানে অশোভন অনুভূতির সুযোগ ছিল না।
উল্লেখ্য, মন্দাকিনী তার ক্যারিয়ারে ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো তারকা নায়কদের সঙ্গে কাজ করেছেন।


























