কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ১৩ বছর বয়সী শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। নিখোঁজের ২১ ঘণ্টা পর, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের এক জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মৃত্যুতে শোবিজের তারকারা গভীর শোক প্রকাশ করেছেন। অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুক পেজে লিখেছেন, “অপ্রতীমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। একজন বাবা হিসেবে মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।” তিনি অপ্রতীমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সঠিক তদন্তের দাবি করেন।
অভিনেত্রী পূজা চেরীও এই ঘটনায় মর্মাহত হয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, “একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়।” তিনি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিনেতা ইরফান সাজ্জাদ শোক প্রকাশ করে ক্ষোভও জানিয়েছেন। তিনি বলেন, “যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ কখনো নিরাপদ হবে না।” তিনি সকলকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেন, যাতে তাদের সন্তানরা নিরাপদে বেড়ে উঠতে পারে।


























