৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘রইদ’। ২৭ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে কমিটির মূল্যায়ন ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’ নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটি বঙ্গ ও ফেসকার্ড প্রযোজিত এবং পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।
‘রইদ’ এর আগে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ভিয়েতনামে অনুষ্ঠিত ৪র্থ দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে এটি সমালোচক বিভাগে সেরা এশীয় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এছাড়া, ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (IFFR)-এর Tiger Competition-এও নির্বাচিত হয়েছে।
চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ। এর গল্প দরিদ্র বর্গাচাষি সাদু এবং তার স্ত্রীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য গর্বের বিষয়।” পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, “আমার সিনেমা অস্কারের মতো বড় একটি মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এটি আমাদের জন্য বিশেষ একটি মুহূর্ত।”


























