শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। এই অভিযান সোমবার (২ নভেম্বর) সকালে পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভেদরগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় ভাই ভাই গোস্তো বিতানের মালিক শুক্কুর সরদারকে ৪ হাজার, বিসমিল্লাহ গোস্তো বিতানকে ৩ হাজার, হাওলাদার এন্টারপ্রাইজের মালিক স্বপন হাওলাদারকে ২ হাজার এবং বাংলা বিরিয়ানি হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রি রশিদের গড়মিল এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার লাইলি ও ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

























