২০২৬ এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। জাপানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।
পুরুষ বিভাগের শীর্ষ চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—নকআউট পর্বে সরাসরি খেলবে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এশিয়ার এই শীর্ষ চার দল।
পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
নারী ক্রিকেট টুর্নামেন্টটি ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনালে ভারত ও জাপানের ম্যাচের বিজয়ী মুখোমুখি হবে বাংলাদেশ ও চীনের ম্যাচের বিজয়ীর সঙ্গে।


























