সাম্প্রতিক সময়ে জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা। অনেক গ্রাহক দাবি করেছেন, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে।
ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে গ্রাহকদের প্রতিবাদ ও স্মারকলিপি দেওয়ার খবর পাওয়া গেছে। গ্রাহকদের একাংশের দাবি, নিয়মিত লোডশেডিংয়ের মধ্যেও বিদ্যুৎ বিল বাড়ায় তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ফেসবুকে প্রশ্ন করেন, ‘এ মাসে কি আপনার বাসার মিটারে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়েছে?’ তার পোস্টের মন্তব্যে গ্রাহকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
গ্রাহকরা অভিযোগ করেছেন, তাদের বিদ্যুৎ বিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি এসেছে। কিছু গ্রাহক জানিয়েছেন, তাদের মিটারের রিডিং ও বিল তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
























