সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে এই নদীতে নৌকাবাইচ আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
শনিবার (২২ আগস্ট) বারইগ্রাম বাজারে অনুষ্ঠিত একটি বৈঠকে স্থানীয় যুবক, মুরব্বি ও জনপ্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউপি সদস্য আবদুল লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা নৌকাবাইচের ঐতিহ্য রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন।
নৌকাবাইচের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রতিযোগিতা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি স্থানীয়দের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে বলেও জানান।
এদিকে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। তবে পরের বছর থেকে নৌকাবাইচ আয়োজন হবে না—এমন শর্তের বিষয়ে তার জানা নেই।























