নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উদ্বোধনের সময় জামায়াতে ইসলামীর এমপি হাফেজ আব্দুল মুনতাকিম উপস্থিত ছিলেন। পরে বিলকিস ইসলাম সেখানে এসে নামফলকে শুধুমাত্র মুনতাকিমের নাম দেখে প্রতিবাদ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন একটি কক্ষে শুধু একজন সংসদ সদস্যের নাম রাখা হয়েছে।
বিলকিস ইসলাম বলেন, “এটি মূলত সংসদ সদস্যদের বসার জায়গা। উদ্বোধনে আগে জানতাম না।” তিনি আরও দাবি করেন, প্রশাসন জামায়াতের এমপিকে মহিলা সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে বললেও তারা তা করেননি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর এমপি আব্দুল মুনতাকিম বলেন, তিনি সাক্ষাতে বিষয়টি আলোচনা করবেন। বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার জানান, নামফলকে দুজনের নাম রাখার কথা ছিল, কিন্তু এটি ইউএনও সাহেবের ভুল হতে পারে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, পরিদর্শন কক্ষটি সংসদ সদস্যদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি তাদের এখতিয়ারের মধ্যে।






















