মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আসামিসহ ১০ জন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুস সালাম, তিনি শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার, রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গার নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে আসামি বহনকারী পিকআপটি শিবচর থানার দিকে ফিরছিল। পখিরা এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পিকআপটি উল্টে যায়।
ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

























