সারের বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (৪ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো ডিলার যদি লাইসেন্স অন্যের কাছে ভাড়া বা হস্তান্তর করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সার ডিলারদের সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সার উত্তোলন না করলে সংশ্লিষ্ট ডিলারকে ‘ডিফল্টার’ হিসেবে চিহ্নিত করা হবে।
সভায় সারের অবৈধ পাচার প্রসঙ্গে মন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে। তিনি প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এ বিষয়ে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।
কৃষিমন্ত্রী সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।
সভায় রাজশাহী বিভাগের আট জেলার সার ডিলার সমিতির নেতারা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


























