টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠানে ডাকাতি চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার কদিমধল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে একটি পিকআপ ভ্যানযোগে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এসে থামে। তারা জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী খোকন শেখ বাধা দেন।
এ সময় ডাকাত সদস্যরা খোকন শেখকে মারধর করে এবং মাথায় আঘাত করে। খোকন শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ডাকাতদের ঘেরাও করে। জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন সদস্য পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও শুকুর আলীকে ধরে ফেলে জনতা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গুরুতর আহত নিরাপত্তা প্রহরী খোকন শেখকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, আহত প্রহরীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শুকুর আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তত ৪টি মামলা রয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুসংগঠিত ডাকাতির চেষ্টা নাকি চুরির ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।


























