রাজশাহীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধের সময় বাংলাদেশ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৫৩) টিকিট চেকিংয়ের সময় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় এজাহার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনের ‘এসি চেয়ারে’ দায়িত্ব পালনকালে কর্মকর্তারা পাঁচজন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করতে দেখে তাদের কাছে ভাড়া ও জরিমানা দাবি করেন। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন।
ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে স্টেশনের প্রধান ফটক দিয়ে বের হয়ে যান এবং পরে রেল কর্মকর্তার ওপর হামলা চালান। হামলার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক মো. ফজলুর রহমান গুরুতর আহত হন।
আহত এসআই ফজলুর রহমানকে প্রথমে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা প্রমাণে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি এজাহারের সঙ্গে জমা দেওয়া হয়েছে।


























