সৌদি আরবের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, প্রতিবার ওমরাহ পালনের জন্য নতুন করে সার্ভিস প্যাকেজ কেনা ও ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক। রোববার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া, সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া এই ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো ওমরাহ পালনকারীদের সফর পরিকল্পনায় নমনীয়তা প্রদান করা। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও, প্রতিটি সফরের জন্য বুকিং ও অনুমতিপত্রের শর্ত অপরিবর্তিত থাকবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না। নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখও সার্ভিস প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
























