খুলনা মহানগরে ‘ছেলেধরা’ সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে রাজু বিশ্বাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে বয়রা রায়েরমহল বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বিশ্বাস ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোড এলাকার নজরুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মোটরসাইকেলে করে রাজু বিশ্বাসসহ তিনজন রায়েরমহল এলাকায় আসেন। সেখানে রাজু স্থানীয় একটি শিশুকে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয়রা রাজুকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেন। তার সঙ্গে থাকা অপর দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ জানান, স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।


























