সুনামগঞ্জে অনুমোদন ছাড়া সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করার অভিযোগে চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে বিআরটিএ’র সহযোগিতায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাস স্টেশন এলাকায় এই জরিমানা কার্যকর করা হয়। ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা এবং সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার কার্যক্রম পরিচালনা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। তিনি জানান, অনুমোদন ছাড়া সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করার কারণে এই জরিমানা করা হয়েছে।
এ সময় বিআরটিএর সুনামগঞ্জ অফিসের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


























