কলকাতার একটি হোটেলে আগুন লেগে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দেশে ফেরার কথা ছিল তাদের।
স্বজনদের সূত্রে জানা যায়, দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তিন বছর বয়সী ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে অবস্থান করছিলেন। তারা বেঙ্গালুরুতে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
মঙ্গলবার মধ্যরাতে হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় বের হওয়ার পথ খুঁজে পাননি তারা। ফলে আগুনে প্রাণ হারান চারজনই।
দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যু সাংবাদিক সমাজে শোকের ছায়া ফেলেছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের নেতারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বর্তমানে কুষ্টিয়ার বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে।


























